উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান হামাসের

 


ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে তাদের প্রধান মিত্র ইরানকে। এক বিবৃতিতে সংগঠনটি ইরানকে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য না করার অনুরোধ জানায়।

তবে একই সঙ্গে হামাস বলেছে, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রাখে।

গত দুই সপ্তাহে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা সদস্য ও বিদেশি কর্মী রয়েছেন।

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে ছয়জন করে নিহত হয়েছেন। এছাড়া ওমান, সৌদি আরব ও বাহরাইনে দুজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, হামাসের অন্যতম বড় সমর্থক ইরান। তারা অর্থ, অস্ত্র ও রাজনৈতিক সহায়তা দিয়ে থাকে। সংগঠনটি আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনাকে “জঘন্য অপরাধ” বলে নিন্দা জানিয়েছিল।

Previous Post Next Post