লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন



কামরুল হাসান হৃদয়: 

লক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার সকাল থেকেই জেলা স্টেডিয়াম এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। দিবসটি ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

সকালে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেক। তারা পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্যারেড। এতে অংশ নেয় পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরাও অংশগ্রহণ করে। শৃঙ্খলাবদ্ধ পদচারণা ও নিখুঁত প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

প্যারেড শেষে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে। শিশু-কিশোরদের পরিবেশনায় ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের প্রতি গভীর ভালোবাসা।

দিবসটি ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যা দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। জাতীয় পতাকার রঙে সজ্জিত পুরো আয়োজন ছিল দেশপ্রেম ও গৌরবের এক অনন্য প্রকাশ।

أحدث أقدم