মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে আইনি জটিলতার সতর্কতা দিয়েছে বিআরটিএ।
বুধবার (২৪ জুন) বিআরটিএ’র ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনেক ক্ষেত্রে গাড়ি বিক্রির পর নতুন মালিকরা মালিকানা পরিবর্তন না করেই যান ব্যবহার করছেন। এতে কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই থেকে যাচ্ছে।
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী গাড়ি বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। এ প্রক্রিয়া এখন সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করে বিক্রেতা ও ক্রেতার বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে একই দিনে মালিকানা পরিবর্তন করা যাচ্ছে।
মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।