সম্প্রতি বাংলাদেশ ক্যারম ফেডারেশনের অ্যাডহক কমিটিকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে গঠিত এই কমিটির শীর্ষ পদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতকে রাখা এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজের এপিএস মোঃ আল মামুনকে ভাইস প্রেসিডেন্ট ও সাধারন সম্পাদক পদে প্রতিমন্ত্রীর নিজ এলাকার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মহিউদ্দিন মুহসিনসহ নিজস্ব লোকজনকে সুবিধাজনক পদে বসানোর অভিযোগে নতুন করে অস্বচ্ছতার প্রশ্ন উঠেছে। মূলত এই তিন জনেরই ক্যারম খেলোয়ার কিংবা ক্রীড়া সংগঠক হিসেবে পূর্বের কোনো অভিজ্ঞতা নেই বলে সংগঠনের সাবেক নেতৃবৃন্দের অভিযোগ রয়েছে।
দেশের ক্রীড়া অঙ্গনের একটি বড় অংশের অভিযোগ, অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা বজায় রাখা হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালার তোয়াক্কা না করে স্বজনপ্রীতি ও পছন্দের লোকদের জায়গা দেওয়ায় সাধারণ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বিধান অনুযায়ী যেকোনো খেলাধুলার অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের ৩ মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার স্পষ্ট নির্দেশনা থাকে।
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ক্যারম ফেডারেশনের নির্বাচন আয়োজনের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচন ঝুলিয়ে রেখে অ্যাডহক কমিটির মেয়াদ ও ক্ষমতার ব্যবহার দীর্ঘায়িত করার চেষ্টার কারণে নিয়মিত গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে ক্রীড়া মহল মনে করছে। তাই অবিলম্বে ক্যারম ফেডারেশনের এই বিতর্কিত অ্যাডহক কমিটির নিরপেক্ষ মূল্যায়ন করা প্রয়োজন এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে প্রকৃত ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের হাতে ফেডারেশনের পরিচালনার দায়িত্ব সোপর্দ করাই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ।
বিভিন্ন ক্রীড়া সংগঠন, প্রাক্তন খেলোয়াড় এবং ক্রীড়া বিশ্লেষকদের একাংশ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। তাদের মতে, অপেশাদার ও স্বজনপ্রীতিমূলক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ভাবমূর্তি যেমন বিনষ্ট হচ্ছে, তেমনি সামগ্রিক ক্রীড়া ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের এমন বিতর্কিত পদে নিয়োগ অনুমোদন দেওয়ায় সরকারের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে জনগণের মাঝে প্রশ্ন উঠেছে, যা সরকারের সার্বিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদার ক্রীড়াবিদ ও অভিজ্ঞ সংগঠকদের হাতে পরিচালনার দাবি দীর্ঘদিনের। কিন্তু জাতীয় ফেডারেশনগুলোতে এভাবে মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠজনদের পদায়ন করা হলে তা তৃণমূলে ক্যারম খেলার বিকাশ এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
