জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন তারা গুনারীতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জহরুল ইসলাম মলুর ছোট ভাই। তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে প্রথমে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আনোয়ার হোসেন তারার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রশীদ ও তার সহযোগীদের বিরুদ্ধে।
আহত আনোয়ার হোসেন তারা অভিযোগ করেন, তার ভাইকে ১২০টি কার্ড দেওয়ার কথা থাকলেও পরে ৮০টি দেওয়া হয়। কিন্তু আব্দুর রশীদ একাই ৬০টি কার্ড দাবি করলে বিরোধ সৃষ্টি হয় এবং একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে ইউনিয়ন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।