শিশুদের পুষ্টি সুরক্ষায় আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

 


নিজস্ব প্রতিবেদক:
শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সারাদেশে আগামীকাল রবিবার (২৮ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

এবারের কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়েছে সরকার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে চলবে এই কার্যক্রম।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে বয়স অনুযায়ী শিশুদের দেওয়া হবে দুই ধরনের ক্যাপসুল। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এবার সারাদেশে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি জনসমাগমপূর্ণ এলাকায় থাকবে ৫০০টি অস্থায়ী কেন্দ্র। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

দুর্গম এলাকার শিশুদেরও বাদ না দিতে ১২টি জেলার ৫৮টি উপজেলার ৭১৪টি ওয়ার্ডে ক্যাম্পেইনের পরবর্তী চার দিন বিশেষ ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম চালানো হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, শিশুদের সুস্থ বিকাশ, অপুষ্টি প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ।

রাজধানীর শাহবাগস্থ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এবারের কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভিটামিন ‘এ’ শিশুদের অন্ধত্ব প্রতিরোধের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই নির্ধারিত সময়ে শিশুদের কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের আহ্বান জানানো হয়েছে।

أحدث أقدم