কিশোরগঞ্জ প্রতিনিধি:
ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদের দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়।
দানবাক্স থেকে পাওয়া টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ।
সাধারণত প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে ছয় মাস পর তা খোলা হয়েছে। দীর্ঘ সময় পর খোলার কারণে এবার নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে।
এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তখন দানবাক্স থেকে পাওয়া যায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।
শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা।