আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বাদল



জামায়াতপন্থী হিসেবে পরিচিত ১৮ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের অ্যানেক্স কোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার বাদল বলেন, সরকার পরিবর্তনের পর অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তাদের পদত্যাগ করা একটি প্রচলিত বিষয়। অতীতে বিভিন্ন সময় সরকার পরিবর্তনের পরিস্থিতিতেও অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ অন্য আইন কর্মকর্তারা পদ ছেড়েছেন।

তবে এবারের পদত্যাগকে ভিন্নভাবে দেখছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “যারা গতকাল পদত্যাগ করেছেন, তারা এই সরকারের অধীনে চার মাস দায়িত্ব পালন করেছেন। বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়েছেন, পদ ব্যবহার করেছেন। এরপর পদত্যাগের সময় রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যা সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি।”

তিনি অভিযোগ করেন, পদত্যাগী আইন কর্মকর্তাদের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি প্রত্যাশিত ছিল না।

বর্তমান অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে বাদল বলেন, গত চার মাসে এসব আইন কর্মকর্তা সরকারের পক্ষে দায়িত্ব পালন করেছেন, নাকি কোনো ধরনের অসহযোগিতা করেছেন—তা খতিয়ে দেখা উচিত।

তিনি আরও বলেন, “সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে পরে সরকারের বিরুদ্ধেই অবস্থান নেওয়া গ্রহণযোগ্য নয়। তাদের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।”

Previous Post Next Post