ডব্লিউইএফ শেষে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে তারেক রহমান





ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে অংশগ্রহণ শেষে বুলেট ট্রেনে করে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) দুপুর ১টা ৫৬ মিনিটে দালিয়ান নর্থ রেলওয়ে স্টেশন থেকে উচ্চগতির ট্রেনে যাত্রা শুরু করেন তিনি।

এর আগে সকালে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ডব্লিউইএফের বার্ষিক সম্মেলনে অংশ নেন তারেক রহমান। সেখানে বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করেন ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি।

সম্মেলন শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জিপে করে রেলস্টেশনে পৌঁছান তিনি।

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ডব্লিউইএফে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজেও অংশ নেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।

Previous Post Next Post