বয়স বাড়ছে, অর্জনের খাতাও পূর্ণ—তবুও ফুটবল ছাড়ার ঘোষণা দিচ্ছেন না লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টাইন মহাতারকার অবসর নিয়ে আলোচনা চলছে। তবে মেসি জানিয়েছেন, শারীরিকভাবে ভালো থাকলে এবং দলের জন্য অবদান রাখতে পারলে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান।
মেসির ভাষায়, ‘আমি আরও কিছুদিন খেলব। যতক্ষণ দলের জন্য কিছু করতে পারব, শারীরিকভাবে ভালো অনুভব করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, ততক্ষণ খেলে যাব।’
তবে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে এখনই ভাবছেন না ৩৯ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, ‘২০৩০ এখনও অনেক দূরের বিষয়। আমি বর্তমান নিয়েই ভাবছি এবং একদিন করে এগোচ্ছি।’
এদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ ‘জে’-তে প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট নিশ্চিত করেছে তারা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করেছেন মেসি।
গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউট নিশ্চিত হওয়ায় ম্যাচটি দলের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবেই দেখছে কোচিং স্টাফ।