ফের ঢাকায় আতিফ আসলাম, কনসার্ট ২৪ জুলাই

 


বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে আয়োজনের সব প্রস্তুতি শেষ হলেও নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি স্থগিত করা হয়। অনুষ্ঠান বাতিল হওয়ার মাত্র দুই দিন আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন তখন জানিয়েছিল, সুযোগ হলে আবারও আয়োজন করা হবে।

গতবার টিকিট বিক্রিসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠান স্থগিত হয়। পরে আতিফ আসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের আশ্বস্ত করেন, তিনি আবারও ঢাকায় ফিরবেন এবং আগের টিকিট নতুন আয়োজনে কার্যকর থাকবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই ভেন্যুর নাম ঘোষণা করা হবে।

যারা আগের কনসার্টের টিকিট কিনেছিলেন এবং রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে নতুন টিকিট ইস্যু করে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।

আর যারা রিফান্ডের আবেদন করেছিলেন, তারাও আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের সুযোগ পাবেন।

নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে GetMyTicket.live প্ল্যাটফর্মে। টিকিটের দাম, ক্যাটাগরি ও বিক্রির সময়সূচি শিগগিরই জানানো হবে।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশনের পরিচালক কাজী রাফসান জানান, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের আয়োজন।

Previous Post Next Post