নিজস্ব প্রতিবেদক:
আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বই যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। খেলাধুলা, সংস্কৃতি, আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে পাঠ্যক্রমে এসব পরিবর্তন আনা হচ্ছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড—এনসিটিবি সূত্রে জানা গেছে, নতুন বইগুলোর পাণ্ডুলিপি তৈরির কাজ চলছে। আগামী জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে শিক্ষার্থীরা বিনামূল্যে এসব বই পাবে।
চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা ও আমার সংস্কৃতি’ নামের নতুন বই। আর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত করা হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’। পাশাপাশি ষষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষাবিষয়ক বইয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বড় ধরনের পরিমার্জন করা হচ্ছে।
এনসিটিবি সূত্র জানায়, পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হচ্ছে দুই পর্যায়ে। প্রথম পর্যায়ে বাক্য, শব্দ ও ভাষাগত ছোটখাটো সংশোধন করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে বিষয়বস্তু ও শিক্ষামূলক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
আগামী শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন পর্যায়ের ঘটনাও নতুনভাবে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও স্মৃতিচিহ্ন, আধুনিক প্রযুক্তি, খেলাধুলা, আনন্দময় শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কারিকুলামে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও খেলাধুলাবিষয়ক নতুন বিষয় যুক্ত হচ্ছে। রোবোটিক্স, এআই ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই এর উদ্দেশ্য।
তিনি জানান, ২০২৭ সালের পাঠ্যপুস্তকে যতটুকু সম্ভব পরিমার্জন, সংযোজন ও বিয়োজন করা হচ্ছে। তবে ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে সংস্কার আনা হবে।