বিশ্বকাপের আকাশে মেসি, এমবাপে, হলান্ড, ভিনিসিউস ও হ্যারি কেইনদের মতো তারকারা আলো ছড়ালেও নেইমার ছিলেন যেন আড়ালে। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ফিরতে যাচ্ছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
অনেক চড়াই-উতরাই ও অনিশ্চয়তার পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত নেইমার। আড়াই বছর পর জাতীয় দলে ফেরা এই তারকা বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি পেশির চোটের কারণে।
ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন পুরোপুরি ফিট।
আনচেলত্তি বলেন, “সে খেলার জন্য প্রস্তুত। এই সপ্তাহে সে খুব ভালো অনুশীলন করেছে। সে ফিট এবং মাঠে নামার জন্য তৈরি। তার ফিরে আসায় আমরা খুব খুশি। সে অসাধারণ মানের একজন ফুটবলার।”
তবে নেইমার শুরু থেকে খেলবেন নাকি বদলি হিসেবে নামবেন, সেটি নিশ্চিত করেননি ব্রাজিল কোচ। তার মতে, ৯০ মিনিট খেলার সামর্থ্যও এখন রয়েছে নেইমারের।
আনচেলত্তি বলেন, “সে কঠোর পরিশ্রম করেছে। শারীরিক ও মানসিকভাবে সে ভালো অবস্থায় আছে। সে শুধু দুর্দান্ত খেলোয়াড় নয়, দলের জন্যও গুরুত্বপূর্ণ একজন সতীর্থ।”
ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন আনচেলত্তি। বিশ্বকাপের শুরুতেও আলাদা অনুশীলন করতে হয়েছিল এই তারকাকে। তবে সাম্প্রতিক সময়ে নেইমারের কাজের প্রতি মনোযোগে মুগ্ধ কোচ।
“সে দ্রুত সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। মাঠে না থাকলেও তার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে তরুণ খেলোয়াড়দের সাহায্য করছে,” বলেন আনচেলত্তি।
এদিকে হাইতির বিপক্ষে জয়ে চোট পাওয়া রাফিনিয়া স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না। তার জায়গায় একাদশে পরিবর্তন আনতে পারে ব্রাজিল। তবে রাফিনিয়ার বিকল্প হিসেবে কে খেলবেন, তা আগেই জানাতে চাননি কোচ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে ড্র করলেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করবে।